শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ২১২ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
সোমবার (১ আগস্ট) সকাল ১০ টার সময় গোসাইরহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উপজেলার ৭১-এর রনাঙ্গনের অকূতভয় বীর মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড তুলে দেন গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির।
গোসাইরহাট উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল আহম্মেদ (বাচ্চু) সৈয়াল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বেপারী, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ উল্লাহ।
তারা বক্তব্যে বলেন, মন্ত্রণালয় থেকে প্রদানকৃত ২১২ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হচ্ছে। পর্যায় ক্রমে সম্মিলিত তালিকা ভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হবে। এর মধ্যে শুধু মাত্র জীবিত বীর মুক্তিযোদ্ধারা ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড পাচ্ছেন। মৃত বীর মুক্তিযোদ্ধার পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে ডিজিটাল সনদ পত্র।
বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বেপারী বলেন, আমরা এমন ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড পেয়ে সন্তোষ প্রকাশ করছি। এমন সম্মান প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।