ভেদরগঞ্জ প্রথমবারের মত চালু হয়েছে নিরাপদ কৃষি পণ্য প্রদর্শনী। এখন থেকে প্রতি বুধবার সকাল ৯টা থেকে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এই প্রদর্শনীতে ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করবেন সেই সাথে দর্শনার্থীরা প্রদর্শিত পণ্য ন্যায্য মূল্যে কেনার সুযোগ পাবেন বলে জানাগেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মীগণ প্রতিনিয়ত নতুন প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে কাজ করে যাচ্ছেন। সেই সাথে এই অধিদপ্তরের নতুন চ্যালেঞ্জ হলো নিরাপদ খাদ্য উৎপাদন। নিরাপদ খাদ্য উৎপাদনে জৈব সারের ব্যবহার বাড়ানো এবং জৈব বালাই নাশক ব্যবহারের মাধ্যমে বিষমুক্ত নিরাপদ ফসল ফলানো সম্প্রসারণের জন্য স্থানীয় কৃষি বিভাগ নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে। ভেদরগঞ্জ উপজেলার কৃষকদের উৎপাদিত এই সমস্ত পণ্য প্রদর্শনীর মাধ্যমে সরাসরি ভোক্তার কাছে পৌছানোই এই পণ্য প্রদর্শনীর উদ্দেশ্য।
উপজেলার ছয়গাঁও, মহিষার, চরকুমারিয়া, চরভাগা, উত্তর তারাবুনিয়া, দক্ষিণ তারাবুনিয়া, আর্শিনগর, রামভদ্রপুর, নারায়নপুরসহ আশপাশের এলাকা থেকে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসবেন এই প্রদর্শনীতে। মাত্রাতিরিক্ত রাসায়নিক সার বা কীটনাশকের পরিবর্তে জৈব সার ও জৈব বালাই নাশক ব্যবহার করে উৎপাদিত নিরাপদ কৃষি পণ্য গুলোই এই প্রদর্শনীতে স্থান পাবে। কৃষকরা তাদের কষ্টে উৎপাদিত পণ্য প্রদর্শন এবং সরাসরি বিক্রি করার সুযোগ পাবে।
ভেদরগঞ্জ উপজেলা কৃষি অফিস এর পরিকল্পনায় এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনা এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে সপ্তাহের প্রতি বুধবার এই নিরাপদ কৃষি পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে। কৃষক এবং পণ্য বাছাই এবং বিক্রয়ের ক্ষেত্রে পণ্যের সঠিক দাম নির্ধারণের কাজটি করবেন অত্র উপজেলায় দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।
বৃহস্পতিবার ৭ এপ্রিল শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান ভেদরগঞ্জ উপজেলার নিরাপদ কৃষি পণ্য প্রদর্শনীর কার্যক্রম উদ্বোধন করেন। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবদুল মান্নান বেপারী, সরকারি এম এ রেজা কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসান ইবনে আমিন, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আবুল বাশার চোকদার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ ফারুক হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ তানবিন হাসান শুভ, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাওলাদার, মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি হাওলাদার অরুন, নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ সালাহ উদ্দিন মাদবর, ছয়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিটন মোল্যা এবং ভেদরগঞ্জ উপজেলা কৃষি অফিসে কর্মরত সকল উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
উপজেলার আর্দশ কৃষক রামভদ্রপুরের মোঃ বাবুল দালাল বলেন, “আমরা জৈব সার ও জৈব বালাই নাশক দিয়ে সবজি উৎপাদন করি। প্রায়ই আমি ব্যতিক্রম কিছু ফসলের চাষ করি। এই প্রদর্শনীর মাধ্যমে সেগুলো ভোক্তার নিকট সরাসরি পৌঁছাতে পারবো।”
উত্তর তারাবুনিয়ার কৃষক ইয়াসিন সর্দার বলেন, আমরা সাধারণত আমাদের পণ্যগুলো পাইকারের কাছে দিয়ে দেই। সরাসরি ক্রেতার কাছে পণ্য প্রদর্শন করা অন্যরকম আনন্দের ব্যাপার।
মেলার দর্শনার্থী উপজেলা পিআইও অফিসের উপসহকারী প্রকৌশলী মোঃ গিয়াসউদ্দিন বলেন, নিরাপদ কৃষি পণ্য প্রদর্শনী একটি ব্যতিক্রম উদ্যোগ। এই প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীরা কৃষকের কাছ থেকে সতেজ এবং নিরাপদ কৃষি পণ্য ক্রয় করার সুযোগ পাবেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম বলেন, ভেদরগঞ্জ উপজেলা কৃষির ক্ষেত্রে একটি সমৃদ্ধ উপজেলা। এখানকার কৃষকরা দিন দিন নতুন প্রযুক্তি এবং পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদনে অনেক এগিয়ে যাচ্ছেন। এই উপজেলায় ক্যাপ্সিকাম, জুকিনি, ব্রোকোলি, অফসিজন তরমুজ, ড্রাগন ফ্রুট, শাম্মামসহ বেশকিছু ব্যতিক্রম ফসল চাষ হয় এবং এগুলো সম্প্রসারণের সুযোগ রয়েছে। এই প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের কষ্টে উৎপাদিত এই সব ব্যতিক্রম কৃষি পণ্য সহ নিরাপদ চাষাবাদ কৌশলের মাধ্যমে উৎপাদিত কৃষি পণ্য সমূহ দর্শনার্থীদের নজরে আসবে এবং ভবিষ্যতে ব্যতিক্রম ফসলগুলোর ভোক্তা এবং ক্রেতা তৈরীর মাধ্যমে একদিকে যেমন কৃষকের অর্থনৈতিক লাভের জায়গা তৈরী হবে তেমনিভাবে ভোক্তারা ব্যতিক্রম স্বাদের নানান পুষ্টিগুন সম্পন্ন এসব ফলফসল তাদের দৈনিক খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করে পুষ্টির ঘাটতি পুরণ করার সুযোগ প্রাপ্ত হবেন।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, বর্তমান সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রাধিকার খাত এখন কৃষি। এই বিভাগের সকল কর্মী এবং কৃষকদের সহায়তায় যাতে আমরা জনগণের নিকট নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যেই এই নিরাপদ কৃষি পণ্য প্রদর্শনী বাস্তবায়নের সিদ্ধান্ত নেই। দর্শনার্থীরা এই প্রদর্শনীর মাধ্যমে ভেদরগঞ্জ উপজেলায় উৎপাদিত পণ্যগুলো সরাসরি দেখতে পারবেন। এতে কৃষক এবং ভোক্তা উভয়ই উপকৃত হবেন। মধ্যস্বত্যভোগীদের দৌরাত্ম্য এবং অন্যায়ভাবে কৃষকদের ঠকানোর প্রবনতা কিছুটা হলেও নিয়ন্ত্রিত হবে।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এ উদ্যোগের প্রসংশা করে বলেন, কৃষক এবং ভোক্তার সরাসরি সম্পর্ক নির্মাণের জন্য এটি একটি চমৎকার উদ্যোগ। এই নিরাপদ পণ্য প্রদর্শনীর মাধ্যমে কৃষি এবং কৃষকের আরো উন্নয়ন হবে বলে মনে করছি।