আজ , , ,

শরীয়তপুরে কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হবে: হুইপ অপু

শরীয়তপুর সরকারি কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরকে আধুনিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে জেলায় কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে শরীয়তপুর সরকারি কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে বিএনপি সরকারের আমলেই ঢাকা থেকে শরীয়তপুর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ স্থাপন করা হবে। এ লক্ষ্যে ফিজিবিলিটি টেস্টের উদ্বোধন করতে শিগগিরই যোগাযোগমন্ত্রী ও রেল সচিবকে শরীয়তপুরে নিয়ে আসা হবে।
হুইপ অপু বলেন, আমরা কথায় নয়, কাজের মাধ্যমে শরীয়তপুরকে একটি আধুনিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলব। শরীয়তপুরের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন প্রত্যাশা পূরণে আমরা কাজ করে যাব।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডে কেউ বাধা সৃষ্টি করলে তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, শিক্ষাজীবনই ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের গুরুত্বপূর্ণ সময়। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষতা ও যোগ্যতা অর্জনের দিকে মনোযোগী হতে হবে। ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য নিজেদের প্রস্তুত করতে এখন থেকেই লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিজের বাস্তব কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে ক্যারিয়ার গঠন, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষাজীবনে করণীয় বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।
নবীনবরণ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
শরীয়তপুর সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোঃ সফিকুর রহমান কিরন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসির উদ্দিন কালু।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

শরীয়তপুরে ফ্যামিলি কার্ড সংগ্রহসংক্রান্ত প্রেস কনফারেন্স

www.hongkar.com |
dailyhongkar