শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটের পদ্মা নদীর বেড়াচাক্কি চ্যানেলে ফেরি ও বাল্কহেডের সংঘর্ষে ১১ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় আরও দুই শিশু। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তরিকুল ইসলাম। তার বাড়ি ডামুড্যা উপজেলায়।
বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাকলি নামের এক ফেরি চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশে ছেড়ে আসে। মেঘনা নদীর মূল অংশ পেরিয়ে সকাল ৯টার দিকে শরীয়তপুরের বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের সময় পেছন দিক থেকে একটি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় ১১ বছর বয়সী ওই শিশুটি ফেরিতে থাকা একটি বাসের বডির সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংঘর্ষে আরও দুজন আহত হয়। এদিকে, সংঘর্ষের পর বাল্কহেডটি আটক করেছে নৌ পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ফেরিটি চ্যানেলে প্রবেশের মুহূর্তে পেছন থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা অনেকেই ভারসাম্য হারিয়ে পড়ে যান। এসময় এক শিশুর মাথা বাসের সঙ্গে আঘাত লাগলে তার মৃত্যু হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর বালুভর্তি বাল্কহেডটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে নৌ-পুলিশ সদস্যরা বাল্কহেডটি জব্দ করেন এবং এর দুই শ্রমিককে আটক করেন। পাশাপাশি ফেরির চালককেও আটক করা হয়েছে। দুর্ঘটনাজনিত অবহেলায় মৃত্যুর অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।